#সমাপ্তির_ওপাড়ে
#জাবিন_ফোরকান
#পর্বসংখ্যা৫
“ এটা আমার জন্য? ”
তাজা টিউলিপের বুকেতে নাক ডুবিয়ে সুঘ্রাণ গ্রহণ করতে করতে শুধালো আরওয়া। তার বিপরীতে দাঁড়িয়ে থাকা জায়দান শুধু নিঃশব্দে মাথা দুলিয়ে সম্মতি জানালো। সামান্য হেসে আরওয়া বললো,
“ ধন্যবাদ। আপনি কিভাবে জানলেন আমার টিউলিপ পছন্দ? ”
“ জানতাম না। এখন জানলাম। মেয়েরা জিনগতভাবে ফুলের প্রতি অধিক আকর্ষিত থাকে। আর টিউলিপ অ্যাস্থেটিক হিসাবে সমাদৃত। আপনি প্রথমদিন হালকা গোলাপী বর্ণের কামিজ পরে এসেছিলেন। আপনার হ্যান্ডব্যাগে টিউলিপের রিং ঝোলানো ছিলো। ”
ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো আরওয়া। লোকটা কি ডিটেকটিভ? উঁহু, অবশ্যই প্রফেসর। তাহলে এতকিছু খেয়াল করলো কখন? আর করলেও, গাণিতিক হিসাব কষার মতন করে ব্যাপারগুলো কিভাবে মেলালো সে? অদ্ভুতুড়ে স্বভাবটা বিনা কারণেই কৌতূহলী করে তুললো আরওয়াকে।
“ রেস্টুরেন্টে বসতে ইচ্ছা হচ্ছেনা আজ। হাঁটা যাক? ”
আরওয়ার প্রস্তাবে কোনোরকম প্রতিক্রিয়া দেখালোনা জায়দান। ফরমাল প্যান্টের পকেটে দুহাত গুঁজে নিঃশব্দে প্রশস্ত ফুটপাথ বেয়ে হাঁটতে আরম্ভ করলো। আরওয়া দ্রুতই তার পাশে যোগদান করলো। সন্ধ্যার সময়টা রং বেরঙের বাতিতে উজ্জ্বল হয়ে উঠেছে। বনানীর অন্যান্য এলাকার তুলনায় এখানে মানুষের ভীড় তুলনামূলক কম বিধায় অদূরের যানবাহনের মন্থর আওয়াজের চাইতে নীরবতা বেশি কানে লাগছে। শনশন ঠান্ডা হাওয়া অন্তরকে ছুঁয়ে যাচ্ছে।
“ তো আপনি ব্র্যাকে আছেন কত বছর যাবৎ? ”
জায়দান উত্তর করতে সময় নিলোনা।
“ এক বছর মতন। ”
“ এর আগে কোথায় ছিলেন? ”
“ নর্থ সাউথে। ”
“ প্রফেসর? ”
“ না। অ্যাসিস্টেন্ট প্রফেসর। পরে ব্র্যাক আমাকে প্রফেসর হিসাবে অফার করে। ”
“ বয়সের হিসাবে আপনি বেশ দ্রুতই প্রফেসর পদে উঠে এসেছেন বলা যায়। জিনিয়াস ছিলেন বোধ হয়। ”
এই মন্তব্যের কোনোপ্রকার উত্তর দিলোনা জায়দান। ‘জিনিয়াস’ টাইটেলটা শোনা এই প্রথম নয় তার জন্য।
প্রথমবার শুনেছিল ক্লাস সিক্সে থাকতে। কোডিং ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে সারা দেশে প্রথম হয়েছিল সে। তখন থেকেই জিনিয়াস শব্দটা আষ্টেপৃষ্টে গেঁথে গিয়েছে তার নামের সঙ্গে। দেশসেরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বুয়েটে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনার সময়ে এই অবস্থান আরো পাকাপোক্ত হয়। পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এম এস সি এবং ইউনিভার্সিটি অব টরেন্টো, কানাডা থেকে পি এইচ ডি। ঝুলি ভর্তি তার অর্জনে।
তবে কখনোই এতসব অর্জনের ভীড়ে নিজেকে বিশেষ কিছু মনে হয়নি তার।
জায়দানকে চুপচাপ হয়ে যেতে দেখে আরওয়া বুঝলো, লোকটা অন্যদের মতন নিজের অর্জন শো অফ করতে পছন্দ করেনা। কিংবা, শো অফ বিষয়টা সম্পর্কেই তার আগ্রহ নেই। নিজের হাতে যত্নে ধরে রাখা ফুলের বুকেটার দিকে তাকিয়ে আরওয়া বললো,
“ আমার সম্পর্কে আপনার মতামত কি? ”
“ আপনি বুদ্ধিমতী। হুটহাট কোনো সিদ্ধান্তে উপনীত হন না। ভাবনা চিন্তা করে সময় নিয়ে বিচার করার মনোবল আছে। ”
সম্ভাব্য স্বামীর কাছ থেকে এমন দ্বিধাহীন নির্ভুল উত্তর শুনে আরওয়া নিজের হৃদয়ে সামান্য উষ্ণতা টের পেলো। দুই কদম দ্রুত হেঁটে জায়দানের মুখোমুখি দাঁড়িয়ে সে শুধালো,
“ এবং আপনার সম্পর্কে আমার মতামত কি জানেন? ”
“ জানিনা। ”
“ আপনি রহস্যময়। নিজের ভাবনা নিজের কাছে রাখতেই পছন্দ করেন। অন্য কাউকে জানার আগ্রহ আপনার মাঝে নেই। আপনি অনুভূতি দিয়ে ভাবেন না, ভাবেন লজিক দিয়ে। অর্থাৎ, আপনি মস্তিষ্কচালিত মানুষ। ”
“ ভালো পর্যবেক্ষণ। ”
জায়দান তাকে পাশ কাটিয়ে সামনে এগোলো। নিজের মাঝে অদ্ভূত ধরণের হতাশা টের পেলো আরওয়া। মানুষ এতটাও প্রতিক্রিয়াহীন কিভাবে হয়? খানিকটা উঁচু গলায়ই পিছন থেকে সে ডেকে উঠলো,
“ আপনি আমাকে বিয়ে করতে রাজী হয়েছেন কেন? ”
থামলো প্রফেসরের পদক্ষেপ। নির্লিপ্ত ভঙ্গিতে উল্টো ঘুরে দাঁড়ালো। চশমার লেন্সের আড়ালে বাদামী নয়নজোড়া সামান্য জ্বলজ্বল করে উঠলো সোডিয়াম বাতির আলোয়।
“ আম্মুর আপনাকে পছন্দ। তাই। ”
দুই পা এগিয়ে মুখোমুখি হলো আরওয়া। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ নয়নে চেয়ে প্রশ্ন ছুঁড়লো।
“ আর আপনার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছিলেন কেন? ভালোবেসে? ”
পুরুষটিকে নাড়িয়ে দেয়ার তীব্র আকাঙ্ক্ষা ব্যর্থ হলো। জায়দানের চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এলোনা। ওই একই অভিব্যক্তি নিয়ে সে দেখলো আরওয়াকে। ঠোঁট কাঁপলনা। রমণী ভাবলো, এই প্রশ্নের অন্তত কোনো জবাব সে পাবেনা। কিন্তু জবাব এলো। অপ্রত্যাশিতভাবেই।
“ আব্বুর ইচ্ছায়। ”
থ হয়ে রইলো আরওয়া। ক্ষণিকের জন্য নির্বাক হয়ে পড়লো। অতঃপর অতি ক্ষীণ এক সূক্ষ্ম হাসি খেলে গেলো তার গ্লস দেয়া ঠোঁটের মাঝে।
“ আপনি তো বেশ অদ্ভুত মানুষ! প্রথমবার বিয়ে করেছেন আব্বুর ইচ্ছায়, এবার বিয়ে করতে চাইছেন আম্মুর ইচ্ছায়। আপনার নিজের ইচ্ছা বলতে কিছু আছে? ”
সফল হলো আরওয়া। নগণ্যপ্রায় সময়ের জন্য হলেও জায়দানের ধোঁয়াটে বাদামীর মাঝে অব্যক্ত এক ঝাপসা অনুভূতির ছোঁয়া দেখতে পেলো সে। তবে নির্বিকারতার প্রলেপে অতি দ্রুতই তা মিলিয়ে গেলো। জায়দান উল্টো ঘুরে দাঁড়ালো। একটা কালভার্টে এসে পড়েছে তারা। নিচে চলাচল করছে সরু এক খাল। রেলিংয়ে হাত রেখে ঝুঁকলো সে। শনশনে হাওয়া এসে এলোমেলো করতে লাগলো তার জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো চুল।
“ ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করা নবীজীর সুন্নত। জীবনে চলার জন্য একজন সঙ্গী দরকার। যতই মুখে ভিন্ন বলা হোক না কেন, একজন সঙ্গী ছাড়া মানুষ দিনশেষে একাকী। পরিবার অসম্পূর্ণ থাকলে সেখানে জীবন বলে কিছুর অস্তিত্ব থাকেনা। ”
“ আপনার কথাগুলো শোনাচ্ছে সমাজ বইয়ে পড়া পরিবার প্রয়োজনীয়তা টপিকের মতন। বুঝতে পারছেন নিশ্চয়ই? ”
জবাব দিলোনা জায়দান। স্থির নয়নে তাকিয়ে রইলো অজানার পানে। কেন যেন লোকটার সঙ্গে কথা বলার ইচ্ছা হুট করেই হারিয়ে ফেললো আরওয়া। মিশ্র একটা অনুভুতি কাজ করছে তার মাঝে। পুরুষ মানুষ সে কম দেখেনি জীবনে। কিন্তু জায়দানকে সে হাজার চেয়েও বিশ্লেষণ করে উঠতে পারছেনা। লোকটা কেমন যেনো অধরা। তাকে খারাপ লাগেনা। আবার বিশেষভাবে ভালোও লাগেনা। সাধারণের মাঝেও অনন্য ধরণের সত্তা। যার সঙ্গে কথা বললে মনে হয় অজস্র দেয়াল দাঁড়িয়ে আছে তার অস্তিত্বের চারিপাশে। সেই দেয়াল ভেদ করার ক্ষমতা কি কোনোদিন হবে আরওয়ার?
মানুষ তো বরাবর নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত। তবে আরওয়া কি জেনে বুঝে বি*ষ পান করার সিদ্ধান্ত নেবে? নাকি থাকবে অজানা অমৃতের অপেক্ষায়? যে অমৃতের স্বপ্নে দিবারাত্র বিভোর থাকে মানবহৃদয়।
মৃদু শীষ বাজানোর শব্দে আরওয়া হঠাৎ করেই নিজের গভীর ভাবনার জগৎ থেকে বাস্তবে পদার্পণ করলো। শীতল হাওয়া তার খোলা চুল মুখের চারপাশে ছড়িয়ে দিয়েছে টের পেয়ে সেসব গুছিয়ে কানের পিছনে গুঁজে সামনে তাকালো সে। কালভার্টের অপর পাশে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো তিনজন যুবক গোছের ছেলে। দুজন সিগারেট টানছে, একজন গলায় ঝোলানো সিলভারের চেইন নিয়ে টানাটানি করতে করতে ঠোঁট ফুলিয়ে শীষ বাজিয়ে যাচ্ছে। তার সূচারু দৃষ্টি বরাবর আরওয়ার দিকেই নিবদ্ধ। অত্যন্ত বিশ্রীভাবে তা তাকে পর্যবেক্ষণ করছে অনুভব করে কেমন গা গুলিয়ে উঠলো রমণীর। নিজের ওড়নাটা গলা থেকে টেনে সমস্ত বুকে ভালোভাবে ছড়িয়ে যেই না উল্টো ঘুরেছে সে, তখনি শক্ত বুকের মাঝে খানিক ধাক্কা খেলো।
“ আউচ! ”
মাথা তুলে সুউচ্চ পর্বতের ন্যায় দন্ডায়মান জায়দানকে দেখলো সে। হিল পরিহিত অবস্থায় লোকটার কাঁধ অবধি উচ্চতায় পৌঁছাতে পেরেছে আরওয়া। যথারীতি জগতের সবথেকে নির্লিপ্ত অভিব্যক্তি মাখা চেহারায় তাকালো জায়দান, তার চোখের দিকে। তারপরই ঘটালো অবিশ্বাস্য ঘটনাটি।
নিজের পরিধানের খাকী বর্ণের ব্লেজার খুলে নিয়ে সেটি আরওয়ার কাঁধে ছড়িয়ে দিলো জায়দান। গিলে ফেললো পোশাকটি রমণীকে, একেবারে হাঁটু অবধি।
“ ঠান্ডা হাওয়া বাড়ছে। এভাবে খোলা গায়ে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। ”
জায়দান শুধুমাত্র ঠান্ডার কারণে কাজটি করেনি সেটা বুঝতে আরওয়ার রকেট সাইন্স জানার প্রয়োজন নেই। বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি চিরচির করে উঠলো। সূক্ষ্ম এক তরঙ্গ খেলে গেলো অস্তিত্বজুড়ে। জায়দান এতটা কাছাকাছি যে উষ্ণ হয়ে উঠছে মুহূর্তটা। সেই উষ্ণ লাজের প্রভাব ছুঁয়ে যাচ্ছে আরওয়ার গালগুলোকে।
অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর শীষ জোরালো হলো আরো। একেবারে বিনা কারণেই কেমন অট্টহাসি ভেসে এলো উদ্ভটভাবে। জায়দান আরওয়ার মাথার উপর দিয়ে তাকালো। নিজের পকেটে হাত ভরে বের করে আনলো ফোন। কৌতূহলী আরওয়া খানিক বিস্ময় নিয়ে তাকে কোনো নাম্বার ডায়াল করতে দেখলো। খানিক বাদে ফোনটা কানে ঠেকালো জায়দান। অপ্রয়োজনীয় জোর দিয়ে অনেকদূর শুনতে পারা যায় মতন করে খানিকটা উঁচু গলায় বললো,
“ আসসালামু আলাইকুম, ওসি সাহেব। জ্বি, থানায় আছেন? খুব ভালো। হুম….আমি বনানীতে। হ্যাঁ, ২০৪ নম্বর রোড, ওই কালভার্টটাই। পেট্রোলিং টিম আছে? জ্বি জ্বি, পাঠিয়ে দিন। ধন্যবাদ। ”
জায়দান ফোন কাটতেই অবিশ্বাস্য ব্যাপারটি ঘটলো। ওপাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হঠাৎ করেই উল্টো ঘুরে এগোতে লাগলো। সিগারেটগুলো রাস্তার পাশে ফেলে পা দিয়ে পিষে প্রথমে হেঁটে গেলো, তারপর রীতিমত দৌঁড়ে আড়াল হয়ে গেলো দৃষ্টিসীমার। সেদিকে হা করে তাকিয়ে থাকলো আরওয়া। তারপরই দৃষ্টি ফেরালো জায়দানের দিকে। হাতের ফোন বান্দা পকেটে ভরে আরওয়ার হতভম্ব দৃষ্টি খেয়াল করে জানালো,
“ কি ভেবেছিলেন? রাস্তার মাঝে একা মানুষ ওদের সঙ্গে মারামারি করবো? বুদ্ধি থাকতে শক্তি খরচের কারণ দেখিনা। অবশ্য আপনারা মেয়েরা রেডফ্ল্যাগ ছেলেদের দাদাগিরি পছন্দ করেন। সরি, ইফ আই ডিড নট মিট ইওর এক্সপেক্টেশন্স। ”
খিলখিল করে হেসে উঠলো আরওয়া। তারপর মাথা ঝাঁকিয়ে আলতো ভাবে জায়দানের বাহু স্পর্শ করে হাসিমুখে ব্যক্ত করলো,
“ ইট সিমস্ আই গট আ গ্রীন ফ্ল্যাগ জেন্টলম্যান ইন মাই লাইফ। ”
কনকনে হাওয়া ঝাঁপটা দিয়ে গেলো। উভয়ের মাঝে তা শীতলতার বদলে ছড়িয়ে গেলো উষ্ণতা।
☆ ☆ ☆ ☆
প্রগাঢ় ঘুমে ভেঙে আসছে চোখের পাতা। কম্বলের নিচে গুটিশুটি দিয়েও ঘুমে মাথা ঢুলছে আমার। আরেকটু হলেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে হারিয়ে যাবো স্বপ্নের দেশে। কিন্তু একটা জ্বালাময়ী চেতনা আমাকে ঘুমাতে দিচ্ছে না।
জায়দান আরেফিন।
বান্দার সাথে গত কয়েকদিন যাবৎ একটানা ই মেইলে যোগাযোগ হচ্ছে আমার। পিৎজা বিজনেসের পেইজটা ফেরত আনার জন্য সে কাজ করছে। তার জন্য হরহামেশাই নানা তথ্য একে অপরের সঙ্গে আদান প্রদান করতে হচ্ছে। সন্ধ্যা অবধি জায়দান ভার্সিটিতে থাকে। সময় পাওয়া হয় রাতেই। আজকাল রাত হলেই তাই আমার ফোন হাতে নিয়ে চাতক পাখির মতন বসে থাকতে হয়।
বিবাহিত থাকাকালীনও আমরা একে অপরের সঙ্গে এই মাত্রায় কথা বলেছি কিনা মনে পড়ছে না। বলিনি হয়তো বা। এমনও দিন গিয়েছে, যেদিন একই রুমে বাস করা এবং ঘুমানো সত্ত্বেও জায়দানের সঙ্গে আমার একটাও বাক্য বিনিময় হয়নি। তখন প্রয়োজন ছিলোনা। এখন প্রয়োজন আছে। এই প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন কি হবে?
আপাতত ভাবতে চাইছিনা।
॥ যেটা দিয়েছিলে, সেটাই তোমার পেইজের পাসওয়ার্ড ছিলো শিওর?॥
জায়দানের ই মেইলের নোটিফিকেশনে চোখ কচলে ফোনের দিকে তাকালাম। একটি নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে ফিরতি মেইল পাঠালাম।
॥ হ্যাঁ। আমার পেইজের পাসওয়ার্ড ওটাই ছিলো ॥
আমি পাঠানোর সাথে সাথেই ই মেইলে রিপ্লাই এলো,
॥ তাহলে কাজ করছে না কেনো?॥
ঝুঁকে পড়লাম ফোনে, রিপ্লাই দিলাম,
॥ তা আমি কি জানি?॥
সময় রাত তিনটা চব্বিশ। ফোনের চার্জ ৩%। সেই সন্ধ্যা থেকে হাজারখানেক হয়ত ই মেইল বিনিময় হয়েছে আমাদের মাঝে। জায়দান খুঁটিনাটি এক দুই শব্দে জিজ্ঞেস করছে। জবাব দিতে আর ফিরতি মেইলের অপেক্ষা করতে করতে আমার মেজাজ এখন সীমাহীন। যেকোনো মুহূর্তে আছাড় দিয়ে ফোনটা ভাঙতে পারি। মেইলে যোগাযোগ করাটা কষ্টকর। বিশেষ করে টানা কয়েকদিন যাবৎ একই ভোগান্তি পোহানোয় আমার মেজাজ তিরিক্ষি হয়ে আছে।
ই মেইলের কোনো উত্তর আসছে না দেখে আমি দাঁত কিড়মিড় করে কম্বলের নিচে শুয়ে টাইপ করলাম,
॥ হয়েছে?॥
মিনিট দুই বাদে ই মেইলে উত্তর এলো।
॥ না ॥
মীরা যদি পাশে ঘুমিয়ে না থাকতো, আমি নির্ঘাত এক চিৎকারে গোটা এলাকার মানুষদের উঠিয়ে দিতাম। ফোনটা আছড়ে ফেললাম সত্যিই, ম্যাট্রেসে বাউন্স হয়ে নিঃশব্দে সেটা বালিশের উপর পড়ে থাকলো। ফুঁসতে থাকলাম রাগে। হিংস্র সিংহীর মতন ঘড়ঘড় করতে করতে ফোনটা হাতে নিলাম। চার্জ এখন ২ পার্সেন্ট।
॥ জাউড়ার ঘরের জাউড়া! মজা নেস আমার সাথে? আমি কি পেঁচার বউ পেঁচি নাকি রে তোর ই মেইলের ঠেলায় সারা রাত জেগে কাটিয়ে দেবো? আমি গেলাম! তুই থাক ব্যাটা তোর ই মেইলের গুষ্টি নিয়ে! তোর ই মেইল আমি চু***….॥
শেষ ই মেইলটা হড়বড় করে টাইপ করতে করতে শেষে এসে থমকে গেলাম। জায়দানের পক্ষ থেকে আরেকটি নতুন ই মেইল এসেছে।
॥ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও ॥
জমে গেলাম আমি। আহাম্মকের মতন ফোনের স্ক্রীনের দিকে চেয়ে থাকলাম। আমি কি ঠিক পড়ছি? নিশ্চিত হতে বারকয়েক মেইলটা পড়লাম। না, ঠিকই তো দেখাচ্ছে। যেটা লিখছিলাম, সেটা মুছে নতুন একটা মেইল লিখলাম, নিজের নাম্বার লিখে সেন্ড করে গর্ধবের মতন বসে থাকলাম থম মেরে। কি আশ্চর্য! আমার বুক এমন ধুকপুক করছে কেনো?
জায়দান হুট করে আমার হোয়াটসঅ্যাপ কেনো চাইছে? কোনো কাজে লাগবে কি? নাহলে তো তার মতন মানুষের এমনটা করার কথা না। হ্যাঁ, তাই হবে হয়ত। পেইজ ঠিক করতে হয়ত বা কোনো কারণে কাজে লাগবে। মনকে এমনটাই বিশ্বাস দিচ্ছিলাম। তবে সেই বিশ্বাস গুঁড়িয়ে গেলো কিছুক্ষনেই।
কতক্ষণ পার হলো টের পেলাম না। মোবাইল ১ পার্সেন্ট চার্জের হুশিয়ারী দিলো। সেই সাথে হোয়াটসঅ্যাপে এলো একটি অজানা নাম্বার থেকে মেসেজ। ফোনের উপর ঝাঁপিয়ে পরে কাঁপা কাঁপা দুহাতে ইনবক্স খুললাম। হাতের মাঝে ফোনটা থরথর করে এমনভাবে কম্পিত হতে লাগলো যে ঝাপসাভাবে পড়তে পারলাম শুধু,
॥ ই মেইলে মেসেজ আদান প্রদান করা সময়সাপেক্ষ। রাত হয়েছে, ঘুমাও। বাকি কাজ আগামীকাল হবে॥
স্থির চেয়ে রইলাম আমি। বিষয়টাকে মাঝরাতে আমার কেমনভাবে নেয়া উচিৎ?
শালা এক মেসেজে ঘুম উড়িয়ে বলছে ঘুমাও! তুই ঘুমা! তোর বদের গুষ্টিকে ঘুমাতে বল হার্ট অ্যাটাক কোথাকার!
***
পরদিন।
আমার ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। ধড়ফড় করে লাফিয়ে উঠলাম। রুমের পর্দা টেনে দেয়া। কটকটে রোদ এসে ঢুকছে ভেতরে। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম সময় এখন সাড়ে এগারোটা। এতক্ষণ ঘুমিয়েছি! টেবিলের উপর ঢাকনা দেয়া নাস্তা চোখে পড়ছে, বুঝলাম মীরা ভার্সিটি যাওয়ার আগে তৈরি করে রেখে গিয়েছে। লাফিয়ে উঠতে গিয়ে পা হড়কে পরে গেলাম। পাপোস থেকে হাঁচড়ে পাঁচড়ে উঠে ফোনটা পেলাম চার্জিং স্টেশনে। দ্রুত প্লাগ খুলে কানে ধরলাম।
“ হ্যালো? ”
“ জ্বি। আমি কি পিৎজা স্টেশনের সঙ্গে কথা বলছি? ”
পিৎজা স্টেশন আমার পেইজের নাম। একটা উত্তেজনা ঘিরে ধরলো আমাকে সঙ্গে সঙ্গে। দ্রুত জবাব দিলাম।
“ হ্যাঁ। আমি পিৎজা স্টেশন থেকে বলছি। কিভাবে সাহায্য করতে পারি স্যার? ”
“ আমার অর্ডার ছিলো। চারটা লার্জ পিৎজা। ”
কথা বলতে বলতে হাত বাড়িয়ে নোটপ্যাড টেনে লিখতে শুরু করলাম।
“ জ্বি, চারটা লার্জ। ”
“ দুটো পেপারোনি, আর দুটো মাশরুম। একটা মাশরুমে কোনো ক্যাপসিকাম দেবেন না, অ্যালার্জি পারপাস। ”
“ অবশ্যই। কখন লাগবে? ”
“ আজ বিকাল তিনটার মধ্যে। ”
অর্ডার এবং ডেলিভারি অ্যাড্রেস টুকে নিয়ে ফোন কাটলাম। হাতের নোটবুকের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইলাম। সেই ঘটনার পর থেকে এই প্রথম অর্ডার আমার! পেইজ এখনো একটিভ না হলেও অর্ডার করার নাম্বার আগের কাস্টমারদের কাছে আছে। সেখান থেকেই কোনোভাবে পেয়েছে হয়ত। দারুণ রকমের উত্তেজনা ঘিরে ধরলো আমায়। অবশেষে হয়ত আবারো সবকিছু আগের মতন স্বাভাবিক হয়ে উঠবে।
চেয়ারে বসে কিছুক্ষণ ধীর নিঃশ্বাস প্রশ্বাস নিলাম। শরীর হঠাৎ করেই উৎফুল্ল লাগছে। ঠোঁটে মৃদু হাসি মেখে ফোনের দিকে তাকাতেই গতকাল রাতে হোয়াটসঅ্যাপে আসা মেসেজটায় চোখ পড়লো। হাসিটুকু উধাও হয়ে গেলো। এর পরিবর্তে অদ্ভুতুড়ে এক অনুভূতি ভর করলো হৃদয়জুড়ে। ডিভোর্সের পর জায়দানের ব্যক্তিগত ফোন নাম্বার আমি ব্ল্যাকলিস্টেড করে ডিলেটই দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ইতস্তত করলাম। অবশেষে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা তুলে মোবাইলে সেভ করলাম। কন্ট্যাক্ট নেইম চাইতেই মনে দ্বিধাদ্বন্দ্ব আসার আগে টাইপ করলাম,
॥ হার্ট অ্যাটাক ॥
ঠোঁটে মুচকি হাসিটি ফিরে এলো। নিজের আচরণে নিজেই লজ্জা পেয়ে দ্রুত ফোন রেখে বাথরুমের দিকে গেলাম। কাজে লাগতে হবে।
ফ্রেশ হয়ে মীরার বানানো নাস্তা খেতে খেতে পিৎজা তৈরির কাজ সেরে ফেললাম। প্রায় দুটো বেজে গিয়েছে। স্কুটি নেই, লোকেশনে যেতে সময় লাগবে বিধায় আগেভাগে বেরিয়ে পড়লাম। লোকাল বাস এবং টেম্পোর ধকল কাটিয়ে যখন পৌঁছলাম তখন তিনটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি। একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে মোবাইল বের করে ঠিকানা দেখতে দেখতে রাস্তা ধরে এগোলাম। হলুদাভ বর্ণের রংচটা বিল্ডিংয়ের সামনে এসে কল দিলাম কাস্টমারকে।
“ জ্বি স্যার, আমি বিল্ডিংয়ের সামনে এসেছি। ডেলিভারিটা যদি নিয়ে যেতেন। ২৬৫০ টাকা ক্যাশ অন ডেলিভারি। জ্বি। ”
কাস্টমার আসছে বলায় ফোন কেটে অপেক্ষা করা শুরু করলাম। সামনে সড়কপথ। তিনটার রাজধানী ভীষণ ব্যাস্ত। মাথার উপরে সূর্যের তাপ ধীরে ধীরে কমে আসছে। কর্মব্যস্ত শহরবাসী ছুটছে আপন আপন গন্তব্যে। ব্যাগ কাঁধে ছেলেমেয়ের দল যাচ্ছে কোচিং সেন্টারে। জনজীবনের দৃশ্যগুলো দেখতে দেখতে অপেক্ষা করতে থাকলাম।
“ ঐতো। ওই মা*গী! ”
উত্তেজিত কন্ঠস্বর কানে আসতেই পাই করে ঘুরে দাঁড়ালাম। ক্ষণিকের জন্য মনে হলো খুব ভয়ংকর কোনো দুঃস্বপ্ন দেখছি বুঝি। একদল যুবক গোছের ছেলেপেলে। সঙ্গে দুজন মেয়েও আছে। যারপরনাই আধুনিক পোশাক আশাক পরনে। হাতে হাতে মোবাইল ফোন। একজনের কাছে ডি.এস.এল.আর ক্যামেরা অবধি রয়েছে।
“ এইটাই ওই পিৎজা স্টেশনের বেয়াদব মহিলাটা! কাস্টমারদের সাথে যা তা ব্যবহার করে। ”
“ ধর! ধর ইনফ্লুয়েঞ্জাটাকে! ”
আমি যে কোনো প্রতিক্রিয়া দেখাবো তার সুযোগই হয়ে উঠলোনা। কেউ একজন পিছন থেকে আমার খোঁপা বাঁধা চুলের গোছা খামচে ধরলো। আরেকজনের হাত আঁকড়ে ধরলো দুই কাঁধ। ঝটকা দিয়ে উঠলাম,
“ কি আশ্চর্য্য! আপনারা কারা? কি চান? ছাড়ুন আমাকে! ছাড়ুন বলছি! ”
“ খুব দেমাগ না তোর? জুতার বাড়ি দিবি ভদ্রলোকদের? বে*শ্যা একটা! দুই টাকার মুরোদে আসমানের পরী হয়ে গেছিস না? ”
“ পাবলিকের মাইর খাইতে পয়সা লাগেনা, তোর মতন মা*গীদের অহংকার লাগে! ”
“ আহহহ! ”
পিৎজার প্যাকেটগুলো গড়াগড়ি খেলো মাটিতে। মানুষের পায়ের চাপে পিষে গেলো শ্রম দিয়ে বানানো প্রত্যেকটি খাবার। চিনচিনে যন্ত্রনায় আমার পিঠ ছেয়ে গেলো। পরনের টি শার্ট, ইউনিফর্ম জ্যাকেট টেনেটুনে ছিঁড়ে ফেলা হয়েছে। চুল ধরে টানছে কেউ, তলপেটে কারো ঘুষি এসে লাগছে। মুখের ভেতর নোনতা র*ক্তের স্বাদ পাচ্ছি। দৃষ্টি ঝাপসা।
মানুষের ভীড় চারপাশে। একটা মানুষও এগিয়ে এসে আমায় ধরছেনা। হেনস্তাকারীদের আটকাচ্ছে না। বরং সকলের হাতে হাতে শুধু মোবাইল ফোন। লাইভে লাইভে ছড়িয়ে দেয়া মোব জাস্টিস। যে জাস্টিসের আদও কোনো আইনী বৈধতা নেই। তাতে কি? আমরা মানুষেরাই তো বিচারক। জীবনে এতটা অসহায় বোধ হয় আমার সেদিনও লাগেনি নিজেকে, যেদিন ড্যাড সবকিছুর মায়া ত্যাগ করে আমাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছিল। সেদিন তো অন্তত আমার অসহায়ত্বের দিকে চেয়ে হাসার মতন কেউ ছিলনা। আজ আছে। হাজার হাজার চোখ আজ খায়েশ মিটিয়ে আমার অধঃপতন দেখছে। তাদের হাতের ওই চারকোনার জাদুর বাক্সটা ধারণ করে যাচ্ছে প্রতিটা দৃশ্য। প্রতিটি আঘাত, প্রতিটি বাজে স্পর্শ এবং প্রতিটি র*ক্তবিন্দু। কারো সর্বনাশ আজ কারো চরম বিনোদনের খোড়াক।
***
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর বেয়ে উন্মাদের মতন ছুটে যাচ্ছে মীরা। সমস্ত শরীর ঘেমেনেয়ে একাকার। মুখে তীব্র চিন্তার আখ্যান। হাতে শক্ত করে ধরে রাখা নিজের ব্যক্তিগত ফোন। কাঁধে ঝুলতে থাকা ভার্সিটির ব্যাগ। এদিক সেদিক হন্যে হয়ে খুঁজে অবশেষে সে ঠিকানা খুঁজে পেলো। নারী ওয়ার্ডের একদম কোণায় সব শেষের বেডটি।
বেডের উপরে বসে আছে সাবিন। কপাল এবং থুতনিজুড়ে ব্যান্ডেজ। দুজন নার্সের একজন তার একটি পায়ে ব্যান্ডেজ বাঁধতে ব্যস্ত। অপরজন ক্যানোলা দিয়ে স্যালাইনের ব্যাগ লাগাচ্ছেন। সাবিনের মুখ থমথমে। তাতে কোনোপ্রকার অনুভূতির ছিটেফোঁটা নেই। কেমন যেন মলিন আবহ। নিষ্প্রাণ দুই চোখের অর্ধেক ব্যান্ডেজে ঢেকে গিয়েছে। একটি গাল অস্বাভাবিক রকমের ফুলে আছে।
মীরার বুকের ভেতরটা চুরমার হয়ে গেলো। বেডের কাছে গিয়ে ধপাস করে সে বসে পড়লো মেঝেতেই। হাউমাউ করে কাঁদতে শুরু করলো।
“ দোস্ত! আমার সাবিন রে! এসব কি হলো? কেনো হলো? ”
কান্নার দমকে দমকে কেঁপে উঠলো মীরার শরীর। অথচ সাবিনের মাঝে কোনোপ্রকার প্রতিক্রিয়া দেখা গেলোনা। ফাঁপা মারবেলের মতন চোখ দুটো চেয়ে রইলো শূণ্যের উদ্দেশ্যে।
_________চলবে_________
#সমাপ্তির_ওপাড়ে
#জাবিন_ফোরকান
#পর্বসংখ্যা৬
নিজের ফোনটা মীরা সন্ধ্যার পর থেকে সুইচড অফ করে রেখেছে। মেসেজের উপর মেসেজ, ফোনের উপর ফোনের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে সে। সাবিনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের মতে এক বেয়াদব মহিলা ব্যবসায়ীকে উচিৎ শিক্ষা দেয়া হয়েছে। এমন দৃষ্টান্ত সমাজে ভুঁড়ি ভুঁড়ি স্থাপন করা উচিৎ। সাবিনকে নির্মমভাবে মা*রার ভিডিওগুলোতে সয়লাভ মিডিয়া। যেহেতু মীরা নিজের পেইজ থেকে কয়েকবার সাবিনের পিৎজা বিজনেসের প্রচার করেছিল, সেহেতু তাকে বন্ধু হিসাবে ধরে হেনস্তা করতেও পিছপা হচ্ছেনা মানুষজন। এই অনলাইন জগতের বিষাক্ততা থেকে নিজের মনকে মুক্ত রাখতে সবকিছু আপাতত বন্ধ করে দিয়েছে মীরা।
রাত প্রায় সাড়ে নয়টা বাজে এখন। হাসপাতালের খানিকটা স্যুপ খাইয়ে সাবিনকে ঘুম পাড়িয়ে রেখেছে মীরা। আজকের দিনটা ওয়ার্ডে থেকে আগামীকালই বাসায় চলে যাবে এমন সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে সাবিনের বিছানার পাশে বসে তার ঘুমন্ত মুখপানে চেয়ে আছে মীরা। মেয়েটার মুখে অদ্ভুত একটা মায়া আছে। গাল ফুলে গিয়ে মায়াটুকু কোথায় যেন হারিয়ে গিয়েছে। ঠোঁটের কোণ সামান্য কেটে গিয়েছে। ব্যান্ডেজের বাঁধনে নিজের বান্ধবীকে দেখে হুহু করছে মীরার বুক।
সাবিনের সঙ্গে মীরার পরিচয় খুব বেশিদিনের নয়। গুণতে চাইলে এক বছর মতন হবে প্রায়। আজও মনে পড়ে সেদিনের কথা। লোকাল বাসে তাকে উত্যক্ত করতে থাকা দুটো লোককে কি বেধড়ক পিটুনিটাই না দিয়েছিল সাবিন! একটা মেয়ের মধ্যে এতটা জ্বালাময়ী সত্তা প্রথমবার দেখা হয়েছিল তার। সেদিনের সেই তেজস্বী বাঘিনী কখন, কিভাবে যে তার জীবনের একটা খুঁটিতে পরিণত হয়ে গেলো মীরা টেরটুকুও পায়নি। এত কম সময়ে এতটা প্রগাঢ় বন্ধুত্ব অন্যদের জন্য হাস্যকর অবাস্তব ব্যাপার হতে পারে। কিন্তু মীরার জন্য নয়। এতিম জীবনে একটা পরিবারের যে অভাব ছিলো, সাবিনের মাধ্যমে না চাইতেও সেই অভাবে ভাটা পড়েছে অনেক। তাই এই মেয়েটার প্রতিটা কষ্ট তিনগুণ হয়ে আঘাত করে মীরাকে।
আনমনে সাবিনের কপালে অতি সন্তপর্নে হাত বুলিয়ে এনে মীরা ভাবলো, মেয়েটার জীবন এত কষ্টের কেন?
এমন সময়েই ভাইব্রেশনের শব্দ। একবার দুবার নয়, এই নিয়ে অসংখ্যবার শব্দটা শুনলো মীরা। ভীষণ বিরক্তিতে ভ্রু কুঁচকে সে উঁকি দিয়ে তাকালো। হাসপাতালের বেডের পাশেই ছোট্ট টেবিলের উপর রাখা সাবিনের ফোনটা। সেটা গত এক ঘন্টা যাবৎ বিরতি দিয়ে থেকে থেকে ভাইব্রেট করে যাচ্ছে। মীরা এর আগে ধরেনি, কারণ স্প্যাম কিংবা অনলাইনের গাঁধাগুলোর কারো ফোন হতে পারে। তবে এতবার ফোন কেন দেয়া হচ্ছে ভাবতে ভাবতে সে যন্ত্রটা হাতে নিলো। স্ক্রীনে ভেসে উঠেছে অত্যন্ত আজব একটা বাক্য।
—হার্ট অ্যাটাক কলিং….
ভ্রু কুঁচকে গেলো মীরার। চোখ কচলে ভালোমত দেখলো। শব্দগুলো বদলালো না। জিভ দাঁতে ঠেকিয়ে কৌতূহল এবং বিরক্তি মিশ্রিত এক শব্দ করে মীরা আপনমনে বলে উঠলো,
“ এই হার্ট অ্যাটাকটা আবার কে? ”
“ আমি। ”
অপ্রত্যাশিত জবাবটা এলো তৎক্ষণাৎ। লেবু এবং আপেলের একটা সূক্ষ্ম অতি মোহনীয় মৃদু ঘ্রাণের অস্তিত্ব নাকে ঠেকলো মীরার। কেমন যেন আরামদায়ক সুঘ্রাণটি। হালকা মিষ্টতার সঙ্গে টকের সংমিশ্রণ। হতবাক হয়ে মাথা কাত করে পিছনে তাকালো মীরা। সামনে দন্ডায়মান লোকটাকে দেখে সে জমে গেলো বিনা কারণেই।
সুদীর্ঘ এক পুরুষালী কাঠামো। উচ্চতায় ৬ ফুট ছাড়িয়েছে অবলীলায়। পরনে কালো শার্ট এবং প্যান্ট, তার উপরে বাদামী বর্ণের লেদার জ্যাকেট। গাঢ় বাদামী চোখে গোল ফ্রেমের চশমা। হাতে নিজের ফোনটা ধরে রাখা। মীরা তাকাতেই ফোন কেটে পকেটে ভরলো সে। সঙ্গে সঙ্গে মীরার হাতে ভাইব্রেট হতে থাকা ফোনও কেটে গেলো। প্রমাণিত হলো, নাম্বারটা আসলেই এই বান্দার।
কয়েক পা এগিয়ে সাবিনের বেডের কাছে গিয়ে দাঁড়ালো সে। মীরা সুচারু দৃষ্টিতে নজর রাখলো। বান্দার চোখজোড়া তার চেনা চেনা লাগছে। আগেও কোথাও একটা দেখেছে। কিন্তু কেন যেন হিসাবটা ঠিক মিলিয়ে উঠতে পারছেনা।
“ আপনি কে, জানতে পারি? ”
সতর্ক কন্ঠে প্রশ্ন ছুঁড়লো মীরা। তাতে লোকটি মাথা তুলে নির্বিকার জবাব দিলো।
“ সাবিনের এক্স হাসব্যান্ড। ”
নিজের নাম বা অন্যকিছু প্রকাশের কোনো লক্ষণ দেখালোনা জায়দান। আস্তে করে বেডের পাশের টুলে নিঃশব্দে বসে পড়লো। চশমার অন্তরাল থেকে তার দৃষ্টি আবদ্ধ হয়ে রইলো সাবিনের ঘুমন্ত মুখায়বে।
দ্বিধায় পরে গেলো মীরা। সে বুঝতে পারছেনা তার কি করা উচিত। সাবিন নিজের অতীত সম্পর্কে তাকে বলেছে খুব কমই। শুধু এটুকুই জানিয়েছিল যে তার ডিভোর্স হয়ে গিয়েছে। কেনো, কি, কিভাবে সেসবের কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি নিজের প্রাক্তন স্বামীর নাম ধাম সম্পর্কেও কোনোদিন একটা শব্দও উচ্চারণ করেনি। স্বভাবত মীরা ধরে নিয়েছিল, সাবিনের স্বামী লোকটা খারাপ। নাহলে ডিভোর্স হবেই বা কেনো? তবে আজ, সত্যিকারে বান্ধবীর প্রাক্তন স্বামীকে দেখে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
“ ডাক্তার কি বলেছে? ”
প্রশ্নটি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরিয়ে আনলো মীরাকে। এমন গুরুতর মুহূর্তে ঠিক বেয়াদবি করতে ইচ্ছা হলনা তার। পুরুষ মানুষটা হাসপাতাল অবধি যখন এসেছে, তখন নিশ্চয়ই চিন্তিত।
“ হাড়গোড় ভাঙেনি। শুধু কিছু ক্ষত হয়েছে। মুখটা ফুলে গিয়েছে, তাতে ওষুধ দেয়া হয়েছে। আগামীকাল সকালে ছেড়ে দেয়া হবে। ”
জায়দান নিঃশব্দে শুনে গেলো শুধু। তার পাথরের ভাস্কর্যের মতন চেহারা মীরাকে খানিকটা অস্বস্তিতে ফেলে দিলো। লোকটা কেমন যেন। তার অভিব্যক্তি দেখে কিছুই বোঝা যায়না। তার মতামত কিংবা ভাবনার বিশেষ গুরুত্ব জায়দানের কাছে নেই। মেয়েটার উপস্থিতিই তার কাছে মূল্যহীন এবং উপেক্ষণীয়। সবটুকু মনোযোগ নিবদ্ধ সাবিনের মুখজুড়ে। মেয়েটি পরম শান্তিতে ঘুমিয়ে আছে। হাসপাতালের বেডে তার লতানো শরীরটা দেখাচ্ছে খানিক রুগ্ন। ধীরস্থির নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে। জায়দান নির্লিপ্ত দেখে গেলো প্রত্যেকটি ক্রিয়া। অতঃপর নিজের একটি হাত বাড়িয়ে দিলো। উদ্দেশ্য ওই কপালে বাঁধা ব্যান্ডেজের প্রান্ত ছুঁয়ে দেয়া। কোনো প্রয়োজন নেই, তবুও এক অতৃপ্ত চাহিদা। ইতস্তত করলো জায়দান, সামান্য কাঁপলো তার হাত। কেন যেন শেষমেষ ছুঁয়ে দিতে পারলোনা। আঙুল গুটিয়ে নিলো। যে মুহূর্তে সে হাতটি ফিরিয়ে নিতে গেলো ঠিক ওই মুহূর্তেই,
“ উমম…”
ঘুমের ঘোরে সামান্য গুঙিয়ে উঠলো সাবিন। চোখের পলকে চিৎ হওয়া থেকে পাশ ফিরে আঁকড়ে ধরে ফেললো জায়দানের হাতখানি। বালিশে রেখে তার উপর নিজের গাল ছুঁইয়ে ঘুমন্ত গলায় বিড়বিড় করলো,
“ গরম…উম…”
পাথরে পরিণত হলো জায়দান। সুস্থির চেয়ে রইলো রমণীর মাঝে। হাতের মাঝে লেপ্টে থাকা গালের ছোঁয়া তার মাঝে পুরাতন কিছু স্মৃতিদের তাজা করে তুললো। ব্যান্ডেজ এবং ফোলায় ঢাকা মুখটা ধীরে ধীরে যেন ঝাপসা হয়ে গেলো দৃশ্যপট থেকে। এর পরিবর্তে ভেসে উঠলো ওই লাবণ্যময়ী চেহারা, যার হাসির ঝংকারে আঁধারেরা ভীত হতো, আলোয় আলোয় ছেয়ে উঠত পৃথিবীর আনাচে কানাচ।
***
ঘড়ির কাঁটা সাড়ে বারোটার ঘরে।
নিস্তব্ধ হলঘর। গোটা শহর ঘুমিয়েছে। রাত্রির চাদর বিছিয়ে দিয়েছে নীরবতা। অদূরে কোথাও বুঝি ঝিঁঝিঁ পোকা ডাকছে। তার সঙ্গে তাল মিলিয়েছে দেয়ালঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ। সোফায় হাঁটুর উপর হাঁটু তুলে থমথমে মুখে বসে থাকা জায়দানের হাতে নিজের ফোন। একটা নাম্বারে সে গত এক ঘন্টা যাবৎ যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনো উত্তর নেই। আবছা আলো ছায়ার মাঝে তার চোখের পাঁপড়ির অস্থির কম্পন। ঘড়ির কাঁটা যখন বারোটা পঁয়তাল্লিশ পেরোলো তখন সে আড়চোখে পাশের টি টেবিলের উপর রাখা নিজের বাইকের চাবিটা পরখ করে দেখলো। অতঃপর যেই না হাত বাড়ালো সেটা তুলে নিতে তখনি অট্টহাসির আওয়াজে চারপাশ ভরে উঠলো।
“ আহ্হাহা! ”
হাঁট করে খুলে গেলো সদর দরজা। ঠকঠক হিলের শব্দ তুলে বেখেয়ালী পদক্ষেপে ভেতরে ঢুকলো সাবিন। সে একা নয়। তার সঙ্গে রয়েছে এক সুদর্শন পুরুষ। যুবক গোছের ছেলেটার নাম আহান। সাবিনের বড় চাচার ছেলে, সম্পর্কে চাচাতো ভাইবোন তারা। আহানের দুহাত জড়ানো সাবিনের কোমরজুড়ে। রমণীর লাস্যময়ী শরীর ঢুলছে কোনো কারণে, তার ভারসাম্য ঠিক রেখে ধরে ধরে হাঁটিয়ে ভেতরে আনছে। কোনো এক কারণবশত সাবিন বিনা কারণেই খিলখিল করে হেসে যাচ্ছে। আহানের গলার টাই হাতের আঙুলের ফাঁকে জড়িয়ে টানছে।
দৃশ্যটা অপ্রীতিকর এবং আপত্তিজনক। জায়দান দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। লম্বা কয়েক পায়ে কাছে পৌঁছেই আহানের হাত থেকে সাবিনকে ছাড়িয়ে নিলো। রমণী তৎক্ষণাৎ তার বুকে ঢলে পড়লো। গন্ধটা তখনি নাকে ঠেকলো জায়দানের। ঠান্ডা গলায় বললো,
“ ডিড ইউ ড্রিংক, মাই ওয়াইফ? ”
সাবিন চোখ পিটপিট করে জ্বলজ্বলে এক নিষ্পাপ ভঙ্গিতে জায়দানকে দেখলো। তারপর কোনো কারণ ছাড়াই ফিক করে হেসে উঠে তার বুকে মাথা গুঁজে দিলো। জায়দান তাকে বুকের মাঝে ধরে রেখে আহানের দিকে তাকালো।
“ তুমি বলেছিলে শুধুমাত্র একটা বিজনেস ডিনার পার্টি, রাইট? ”
আহান কাঁধ তুলে মুচকি হাসলো।
“ ওহ কাম অন, চিল ম্যান। শুধু তিনটে শটই নিয়েছে। সাবিন বরাবরই লাইট ড্রিংকার। এত চিন্তার কিছু নেই।”
জায়দান শীতল দৃষ্টিতে তাকালো আহানের দিকে। তাতে বান্দার ঠোঁটের মুচকি হাসিটি ক্রমেই ক্রুর হয়ে উঠলো।
“ হাহা, আহান ভাইয়া! আজকের স্পিডিংটা দারুণ ছিলো, উঁহু! আমরা আবার যাইনা কালকে? প্লীজ, প্লীজ, প্লীইজ! ”
জায়দানকে ছেড়ে আহানের দিকে ঘুরে ঠোঁট ফুলিয়ে আবেদন জানালো সাবিন। চোখ দুটো তার চকচক করছে। মুখটা লালচে, হেঁচকি তুলছে ক্ষণে ক্ষণে। আহান হাত বাড়িয়ে তার মাথা থেকে গাল অবধি স্পর্শ বুলিয়ে খানিকটা আবেশিত গলায় জবাব দিলো,
“ অফকোর্স, বেবিগার্ল। ”
“ সাবিন। ”
পিছন থেকে জায়দান সাবিনের পাতলা কোমরে দুবাহু জড়িয়ে তাকে নিজের কোলে তুলে নিলো। সাবিন সামান্য হেঁচকি তুলে আঁকড়ে ধরলো তার ঘাড়। তারপর দুর্বল শরীরে মাথা কাঁধে ঠেকিয়ে পরে রইলো চুপচাপ। এতক্ষণ যাবৎ প্যান্টের পকেটে রাখা চশমাখানি বের করে চোখে পরে আহানের দিকে তাকালো জায়দান।
“ সরি টু সে, কিন্তু ভবিষ্যতে আমার স্ত্রীর সঙ্গে তোমার নাইট আউট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এনিওয়ে, ওকে সুস্থভাবে বাসায় পৌঁছে দেয়ার জন্য ধন্যবাদ। প্লীজ, তুমি চলে গেলে বাইরে দারোয়ান আছে, উনি গেট আটকে দেবে। ”
“ অবশ্যই। আমি চলে যাচ্ছি। বাট আ সুইট রিমাইন্ডার টু ইউ দ্যাট, সাবিন একজন প্রাপ্তবয়স্ক নারী, ইউ নো? ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ওর ড্যাডেরও ক্ষমতা নেই ওর স্বাধীনতাকে রোখার। বিষয়টা মাথায় রাখলেই ভালো। গুডনাইট। ”
উল্টো ঘুরে গেলো আহান। পায়ে পায়ে হেঁটে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলো। পিছনে মৃদু শব্দ তুলে আটকে দিলো দরজা। জায়দান খানিকটা সময় নিঃশব্দে চেয়ে রইলো তার চলে যাওয়ার পথের দিকে। সাবিন ঘুমের ঘোরে কি যেন বিড়বিড় করে উঠতেই সম্বিৎ ফিরে পেয়ে স্ত্রীকে ভালোমত নিজের বুকে জড়িয়ে দুইতলার সিঁড়ির দিকে এগোলো। নিশাচরের মতন নীরবে সিঁড়ির উপরে পৌঁছাতেই অদূর থেকে রাগী অথচ মৃদু নারীসুলভ কণ্ঠটি ভেসে এলো।
“ ভদ্রলোকের বাড়ির মেয়ে বউরা রাত বিরাতে মাতাল হয়ে বাড়ি ফেরেনা। ”
থমকে গেলো জায়দানের পদক্ষেপ। সামান্য মাথা হেলিয়ে পিছনে তাকালো। হলঘরে দন্ডায়মান ছায়ামূর্তি। ওটা যে জেসমিন, তা টের পেতে বেগ পোহাতে হলোনা জায়দানকে।
“ আম্মু, তুমি এখনো ঘুমাওনি? ”
নির্লিপ্ত প্রশ্ন করলো সন্তান। জননী তাতে ছায়া ছেড়ে হালকা আলোর মাঝে সরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় জবাব দিলেন,
“ ঘুম নামক শান্তি তোমার বউ আসার সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে উড়ে গিয়েছে। ”
একটি দীর্ঘশ্বাস ফেললো জায়দান। কোলের মাঝে সাবিনকে সাবধানে ধরে তার মুখটা নিজের বুকের মাঝে আড়াল করে নিয়ে নরম কন্ঠে বললো,
“ আম্মু। অনেক রাত হয়েছে। তোমার প্রেশারের সমস্যা আছে। প্লীজ ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। ”
এটুকুই। আর কথা বাড়ালোনা জায়দান। ঘুমন্ত সাবিনকে নিয়ে হেঁটে চলে গেলো নিজেদের বেডরুমের দিকে। পিছন থেকে ভেসে এলো জেসমিনের কন্ঠস্বর।
“ ওই বউ তোমাকে ভোগাবে জায়দান, আমার কথা মিলিয়ে নিও। ”
***
বর্তমান।
নিজের হাতটা আচমকাই সাবিনের কাছ থেকে টেনে সরিয়ে নিলো জায়দান। রমণীর মাথা তাতে নড়ে উঠলো। চোখের পাতা কেঁপে উঠলেও ঘুম ভাঙলোনা সাবিনের। জায়দান সটান টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লো। তার এমন হঠাৎ কান্ডে বিস্মিত মীরা।
শেষ একবার সাবিনের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলো জায়দান। বেডের পাশ ঘেঁষে ঘুরে এলো। মীরার মুখোমুখি দাঁড়িয়ে মৃদু আঁচে একটা কথাই বললো,
“ আমি এসেছিলাম, সেটা ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। ”
মীরাকে পাশ কাটিয়ে লম্বা পায়ে নিঃশব্দে সোজা হেঁটে ওয়ার্ড থেকে বেরিয়ে গেলো জায়দান। পিছনে ফেলে গেলো নিজের পারফিউমের একদম হালকা সুঘ্রাণ। মীরা চোখ পিটপিট করে তার চলার পথে তাকিয়ে পরক্ষণে আবার সাবিনের দিকে দৃষ্টি ফেরালো। এখানে এইমাত্র যা হয়ে গেলো তার একটা কিছুও মাথায় ঢোকেনি। সব কেমন যেন তালগোল পাকানো।
✯ ✯ ✯ ✯
বেডে পা ঝুলিয়ে চুপচাপ বসে ওয়ার্ডের জানালা গলে নরম রোদ চুঁইয়ে পড়া দেখছি আমি। অন্যদিকে মীরা ব্যস্ত টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নেয়ার। একটা টোটব্যাগের ভেতরে ওষুধ, চিরুনী, পানির বোতল এবং ছোটখাট সামগ্রীগুলো গুছিয়ে নিচ্ছে সে। নার্সরা স্যালাইন স্ট্যান্ড সরিয়ে রাখছে। এবার আমার হাসপাতাল ছেড়ে যাওয়ার পালা। গতকাল রাতে বেশ লম্বা একটা ঘুম দেয়ায় এখন শরীরটা আগের তুলনায় বেশ ভালো লাগছে।
কাজ শেষ করে ব্যাগ এক কাঁধে নিয়ে অপর হাতটি আমার দিকে বাড়িয়ে ধরলো মীরা। ঠোঁটে হাসি মেখে বললো,
“ চল দোস্ত, এবার বাসায় ফেরা যাক। ”
ওর হাসিটুকু মায়াবী দেখালো ভীষণ। পাল্টা খানিক হাসতে চেয়েও পারলাম না। ফোলা গালে ব্যথা লাগলো বেশ। তাই হাসির চিন্তা বাদ দিয়ে বান্ধবীর হাতটা ধরে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে এলাম।
“ আস্তে আয়। কোথাও ব্যথা লাগছে? ”
“ আমি ঠিক আছি মীরা। এত চিন্তা করিস না। ”
মুখে বললেও মাথা এবং হাতের ব্যান্ডেজের ভেতর চিনচিনে ব্যাথা স্পষ্ট টের পাচ্ছি। মীরার সহযোগীতায় ওয়ার্ডের করিডোর পেরিয়ে বাইরে এলাম। মূল ফটক পেরিয়ে যেই না আমরা দুজন বাইরে পা রাখলাম তখনি আশেপাশে তীব্র এক গুঞ্জন উঠলো। বুঝতেও পারলাম না কি হচ্ছে। একেবারে হঠাৎ করেই মৌমাছির ঝাঁকের মতন তেড়ে এলো একদল লোক। হাতে হাতে ক্যামেরা, মাইক্রোফোন এবং মোবাইল ফোন। শুধুমাত্র আমরা না, আমাদের আশেপাশে থাকা হাসপাতালের অন্যান্য রোগী এবং কর্মীরাও ভড়কে গেলো। কয়েক সেকেন্ডের মাথায় চারপাশ থেকে ঘিরে ফেলা হলো আমাদের। মুখের সামনে অগণিত মাইক্রোফোন, হ্যান্ড মাইক্রোফোন এবং মাউথপিসের অস্তিত্ব দেখলাম। কে কে যেন কোথা থেকে হাত বাড়িয়ে আমার জামার কলারে অবধি মাইক গুঁজে দিচ্ছে।
“ আরে আরে! এসব কোন ধরণের অসভ্যতা? সরুন! সরুন বলছি! ”
মীরা গর্জে উঠে কয়েকজনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও কোনো লাভ হলোনা। ভীড় ক্রমশ বাড়তেই থাকলো। পারলে আমার গায়ের উপর উঠে আসে। সকলের সম্মিলিত উত্তেজিত কন্ঠস্বর আমার কানে ঘণ্টার মতন বাজতে থাকলো।
“ আমি লাইভ টিভি থেকে এসেছি। আপনার বিরুদ্ধে একটা পিৎজা বিজনেস নিয়ে যে অভিযোগ উঠেছে সেটা কেমনভাবে দেখবেন? ”
“ আমাদের তথ্যমতে আপনি তো খুব ধনী পরিবার থেকে এসেছেন। তাহলে মানুষের সঙ্গে এমন উদ্ভট আচরণের মানে কি? ”
“ মিস সাবিন হুসেইন! গত বছর হুসেইন গ্রুপের এত বিভৎস পতনের পরপর আপনার মনুষ্যত্বেরও অধঃপতন। রাস্তাঘাটে মার খাওয়ার বিষয়টা আপনার পরিবারের অন্যদের উপর কেমন প্রভাব ফেলছে?”
“ সাবিন হুসেইন! প্লীজ। আপনার দিকটা ক্লিয়ার করুন। আপনি রাস্তায় কেনো? ”
একটা প্রশ্নও আমার কানে পৌঁছালোনা। কেমন গমগমে শোনালো সবকিছু। মীরার আর্তচিৎকার শুনলাম,
“ আল্লাহর দোহাই লাগে, মেয়েটা অসুস্থ! ওকে একটু শান্তিতে বাঁচতে দিন আপনারা! ”
পুতুলের মতন দাঁড়িয়ে থাকলাম আমি। ক্যামেরা এবং মোবাইল ফোনের ফ্ল্যাশ, সোশ্যাল মিডিয়ার লাইভ আমার চোখ ধাঁধিয়ে দিলো। কানে শুধুই অশ্রাব্য শব্দেরা গুণগুণ করতে থাকলো। হুড়োহুড়িতে চোখেমুখে গোত্তা লাগতেই আগের ক্ষত ভয়ানকভাবে যাতনা ছড়িয়ে দিলো সমস্ত শরীরে। হাসপাতালের কয়েকজন গার্ড ঠেলেঠুলে লোকজন সরানোর চেষ্টা করছে। আমার কানে শুধু গোত্তা খেয়ে যাচ্ছে,
“ সাবিন হুসেইন….সাবিন হুসেইন…! ”
“ আহহহহ! আমি সাবিন হুসেইন না! সাবিন হুসেইনকে বাঁচতে দিসনি তোরা! ”
কন্ঠনালী ছিঁ*ড়ে জোরালো চিৎকার বেরিয়ে এলো আমার। মনে হলো, বুঝি ভেতরের অন্তরটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো। রয়ে গেলো শুধু আর্তচিৎকারের দামে কেনা ঝড়ের মাঝের এক পশলা নীরবতা।
_________চলবে_________

